ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষক-কৃষাণী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা ও বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, কৃষক-কৃষাণী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ, বিশেষ করে বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে।
তারা আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা করা হবে। সরকারের এ উদ্যোগ কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




