পাঁচ পয়েন্টে বিপৎসীমার ওপরে কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ PM

পাঁচ পয়েন্টে বিপৎসীমার ওপরে কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৬:১১:৫৫ PM

পাঁচ পয়েন্টে বিপৎসীমার ওপরে কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি

সংগৃহিত


ভারি বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের সব কটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমাসহ বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে আরও কয়েকটি নদীর পানি।
শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
একইসময়ে মনু নদীর পানি মৌলভীবাজারের মনু রেল-ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে, মৌলভীবাজার পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
খোয়াই নদীর পানি হবিগঞ্জের বল্লা পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, সকাল ৯টার তথ্যানুযায়ী, বেশ কিছু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে  কুশিয়ারা নদী শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে; সুরমা নদী কানাইঘাট (সিলেট), ছাতক (সুনামগঞ্জ) ও সুনামগঞ্জ স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছিল।

জৈন্তাবার্তা/সুলতানা