অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক বিনোদনও সিটির দায়িত্ব: সিসিক প্রশাসক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪২ PM

জায়ান্ট এলইডি স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার সুযোগ সিলেটবাসীর

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক বিনোদনও সিটির দায়িত্ব: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৭:১০:০০ PM

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক বিনোদনও সিটির দায়িত্ব: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একসঙ্গে উপভোগের সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ উদ্যোগের অংশ হিসেবে নগর ভবন প্রাঙ্গণে একটি জায়ান্ট এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যেখানে ফুটবলপ্রেমীরা বিনা মূল্যে খেলা উপভোগ করতে পারছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ওই স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত কোয়ার্টার ফাইনালে মরক্কো ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ দেখতে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হন হাজারো দর্শক। তাঁদের সঙ্গে খেলা উপভোগ করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

খেলা শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিকদের জন্য সুস্থ ও নির্মল বিনোদনের পরিবেশ নিশ্চিত করাও এর দায়িত্বের অংশ। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্ব উৎসবের আবহে মেতে উঠেছে, তখন সিলেটবাসীও যেন একসঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিশ্বকাপের বাকি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ সব ম্যাচ দেখতে নগর ভবন প্রাঙ্গণে আসার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ফুটবলপ্রেমীদের জন্য এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি খেলা উপভোগের সময় শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নগরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ