সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার আজ ১১ জুলাই (শনিবার) জন্মদিন। বিশেষ এদিনে স্বামীর আবেগঘন শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। ফেসবুকে স্ত্রী পূর্ণিমার ছবি প্রকাশ করে আশফাকুর রহমান রবিন লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।’রবিনের এই বার্তা খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি এই দম্পতির পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ারও প্রশংসা করেন অনুরাগীরা।
ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেছেন রবিন। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, রবিন ও পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে রয়েছেন, তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি গায়ে কন্যা আরশিয়া উমাইজা। ব্যতিক্রমী এই পারিবারিক মুহূর্তটি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
বলা দরকার, ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘এ জীবন তোমার আমার’র মধ্যদিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রিয়াজ। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। রিয়াজ, মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সাহিত্যনির্ভর কাজেও প্রশংসিত পূর্ণিমা ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নাটকেও সফল এই তারকা।
জৈন্তাবার্তা/সুলতানা




