টিকটকে প্রেমের ফাঁ*দ, পরে ছি*নতাই
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪২ PM

সিলেটে হানিট্র্যা*প চক্রের দুই সদস্য গ্রে*প্তার

টিকটকে প্রেমের ফাঁ*দ, পরে ছি*নতাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৭:৫৫:১৪ PM

টিকটকে প্রেমের ফাঁ*দ, পরে ছি*নতাই

ছবি:সংগৃহীত


সিলেটে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ (এসএমপি)। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন এক্সএস ম্যাক্স (iPhone XS Max) মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোগলাবাজার থানার তুরুকখলা গ্রামের সেবুল আহমদের ছেলে তাসিন হোসেন আবির (১৮) এবং একই থানার সুড়িগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে জাবেদ আহমেদ (২০)

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১০ জুলাই) মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গত ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দিতে বলেন।

রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা নারীসহ গ্রেপ্তার দুই আসামি এবং তাদের আরও এক সহযোগী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে। পরে তার ব্যবহৃত সুজুকি জিক্সার (Suzuki Gixxer) মোটরসাইকেল ও আইফোন এক্সএস ম্যাক্স ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ১০ জুলাই মোগলাবাজার থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এদিকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ