সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জৈন্তাপুর উপজেলার নির্ধারিত কয়েকটি পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। এ সংক্রান্ত গেজেটটি গত ১৪ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
গত ৯ জুলাই জারি করা এস.আর.ও. নং-২৮১-আইন/২০২৬ অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত মৌজাগুলো হলো— নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে সরকারের কাছে লিখিতভাবে আপত্তি উত্থাপন করতে পারবে। পরবর্তীতে আইন অনুযায়ী সরকার উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
জৈন্তাপুরে পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে এই গেজেট প্রকাশকে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপত্তি নিষ্পত্তির পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
জৈন্তাবার্তা/আরআর




