কদমতলী বাস টার্মিনালে বিআরটিসির নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩৬ PM

উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী

কদমতলী বাস টার্মিনালে বিআরটিসির নতুন টিকিট বুকিং কাউন্টার চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৯:৩১:৫৮ PM

কদমতলী বাস টার্মিনালে বিআরটিসির নতুন টিকিট বুকিং কাউন্টার চালু

ছবি:সংগৃহীত


সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন টিকিট বুকিং কাউন্টার উদ্বোধন করা হয়েছে। নতুন কাউন্টার থেকে সিলেট-ঢাকাসহ দেশের ১৮টিরও বেশি রুটে এসি, নন-এসি ও স্পেশাল চেয়ার কোচের টিকিট সংগ্রহ করা যাবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে ফিতা কেটে কাউন্টারটির উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিআরটিসির এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাউন্টার চালুর ফলে যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির বিভাগীয় ব্যবস্থাপক রেজাউল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসির প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো. রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক-শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন ও রুহুল আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন কাউন্টার থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, সরিষাবাড়ী, তারাকান্দা, মধুপুর, রায়পুর, ঘাটাইল, সোনাপুর, ভানুগাছ, কমলগঞ্জ, আজমিরীগঞ্জ, আদমপুর ও কুরমাসহ বিভিন্ন গন্তব্যে নিয়মিত বাস চলাচল করবে।

কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা অগ্রিম টিকিট বুকিং ও বাসের সময়সূচি সম্পর্কে জানতে কদমতলী বাস টার্মিনালে অবস্থিত বিআরটিসির টিকিট কাউন্টারে অথবা ০১৩৫০-৫৮৮১০৮ ও ০১৬০৩-৮৮৬৫৫৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ