ওসমানীনগরের শতবর্ষী সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকট, দ্রুত নিয়োগের দাবি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩১ PM

ওসমানীনগরের শতবর্ষী সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকট, দ্রুত নিয়োগের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ১১:৩৩:৫৪ PM

ওসমানীনগরের শতবর্ষী সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকট, দ্রুত নিয়োগের দাবি

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার শতবর্ষী মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁরা দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক আব্দুশ শহীদ।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও অনুমোদিত ২৫টি শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে প্রধান শিক্ষক ২০ জুলাই অবসরে (এলপিআর) যাচ্ছেন এবং আগামী বছরের ২০ ফেব্রুয়ারি একজন সহকারী শিক্ষক অবসরে যাবেন। ফলে শিক্ষকসংখ্যা আরও কমে ১১ জনে নেমে আসবে।

বক্তারা জানান, শিক্ষকস্বল্পতার কারণে একজন শিক্ষককে প্রতিদিন একাধিক শ্রেণিতে পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানও ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এ সংকটে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাঁরা দাবি করেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অন্য সরকারি বিদ্যালয় থেকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের বদলির মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ পূরণ করতে হবে। পাশাপাশি অবসরজনিত কারণে সৃষ্ট চারটি শূন্য শিক্ষক পদেও দ্রুত নিয়োগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অবিলম্বে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক অবসরে যাওয়ার আগেই নতুন প্রধান শিক্ষক পদায়ন এবং অবসরজনিত কারণে শূন্য হওয়া চারটি শিক্ষক পদ দ্রুত পূরণ।

বক্তারা বলেন, তাঁদের দাবিগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শতবর্ষী এই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই এসব দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম, জাহেদ আহমেদ, জুনু মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল রাজ্জাক সুরত, কাজী আজাদসহ স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ