ছবি:সংগৃহীত
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরভিত্তিক সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঘাটিয়াডেংগা, পাহাড়তলী, আলীনগর ও এওচিয়া এলাকায় ‘চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জগন্নাথপুরবাসীর উপহার’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। একটি পিকআপে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
২০১৯ সালে সাংবাদিক আলী হোসেন খানের উদ্যোগে প্রতিষ্ঠিত মানবিক ফাউন্ডেশন শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। দরিদ্র নারীর বিয়ে, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ রোগীর চিকিৎসাসহায়তা, দুর্যোগকালে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে আস্থা অর্জন করেছে। স্থানীয় যুবসমাজ, প্রবাসী, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের সভাপতি সাংবাদিক আলী হোসেন খান জানান, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব রহমানের সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জগন্নাথপুরের প্রবাসী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়।
তিনি বলেন, গত ১৭ জুলাই ফেসবুক লাইভ ও সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় মাত্র ২৪ ঘণ্টায় ৮২ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়। সেই অর্থ নিয়ে একটি প্রতিনিধি দল সাতকানিয়ায় গিয়ে টানা তিন দিন অবস্থান করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
ত্রাণ বিতরণের আগে স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের নির্বাচন করা হয়। এ কাজে সহযোগিতা করেন সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সুমন মিয়া।
সংগঠনের পক্ষ থেকে ৭০টি পরিবারের মধ্যে তিন দিনের খাদ্যসামগ্রী-চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও মুড়িসহ প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরণ করা হয়। পাশাপাশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে এক হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্দেশ্যে পাঁচ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ত্রাণ পাওয়া পরিবারগুলোর সদস্যরা এই উদ্যোগের জন্য জগন্নাথপুরবাসী, প্রবাসী ও মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সহায়তা শুধু খাদ্য বা অর্থের নয়, দুর্যোগের সময়ে পাশে থাকার একটি মানবিক বার্তা।
মানবিক ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন খান বলেন, ‘মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান, ব্যবসায়ী, প্রবাসী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




