ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা এবং সিলেট বিভাগীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বিভিন্ন নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতির ২৩ জন প্রতিনিধি।
অভিযোগে বলা হয়েছে, রাজমনি সিংহ দায়িত্ব গ্রহণের পর থেকে সমিতির নিবন্ধন, অডিট, কমিটি অনুমোদন, নবায়নসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম করছেন এবং সেবা দিতে ঘুষ দাবি করছেন। অভিযোগকারীদের দাবি, নির্ধারিত অর্থ না দিলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা, হয়রানি করা এবং সমিতি বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া সমিতির অডিটের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার সুপার মাহমুদপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিধু নমঃশূদ্র বলেন, ‘সমবায় অফিসের অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারণে প্রকৃত মৎস্যজীবীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অফিসের সেবা নিতে গেলেই ঘুষ দিতে হয়। বাধ্য হয়ে আমরা ২৩টি সমিতির সভাপতি ও সম্পাদক একযোগে জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
জগন্নাথপুর রৌয়াইল দক্ষিণপাড়া কুশিয়ারা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য নরেশ দাস দাবি করেন, ‘সমিতির নিবন্ধনের কাজ করে দেওয়ার কথা বলে উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ আমার কাছ থেকে ৪২ হাজার টাকা নিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পরও কাজ করেননি। এ বিষয়ে আমি সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়েও অভিযোগ করেছি।’
উপজেলার মৎস্যজীবী মনোরঞ্জন সরকার বলেন, ‘রাজমনি সিংহের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নতুন নয়। ঘুষ ছাড়া তিনি কোনো কাজ করেন না। আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা তাঁর বদলির দাবি জানাই।’
লিখিত অভিযোগে প্রতিনিধিরা উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জগন্নাথপুরের সমবায় কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে আমি জানি না। অভিযোগগুলো সত্য নয়।’
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মাহিদুল ইসলাম ইকবাল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




