ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশারাই গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যুর পর তার সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিলাদ হোসেন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল মতিন স্ত্রী শাহেদা বেগমকে নিয়ে দেশে ফেরেন। পরে গত ২৫ মে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, মতিনের মৃত্যুর পর তাঁর সহায়-সম্পত্তি ও জমি দখলের উদ্দেশ্যে স্বজনদের একটি পক্ষ তৎপর হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই দুপুর ১২টার দিকে হাবিবুর রহমান ও লিফ নূর রহমান দেশীয় অস্ত্র নিয়ে মতিনের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা শাহেদা বেগমের ওপর হামলার চেষ্টা করলে তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন আত্মীয় মিলাদ হোসেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শাহেদা বেগম জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




