ছবি:সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং গণভোটে প্রকাশিত জনগণের রায়ের আলোকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগ থেকে সংশ্লিষ্ট সকলের শিক্ষা নেওয়া উচিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী সৈয়দ মনসুর আহমদ, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামসহ জামায়াত, ছাত্রশিবির এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি আলমাস আলী দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




