সংগৃহীত
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’-এর ১ যুগ পূর্তি উপলক্ষে ১০০টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যালয়ের পুকুরপাড়, নতুন একাডেমিক ভবনের সামনের অংশ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়েই সংগঠনটির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেন এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।বৃক্ষরোপণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই সংগঠনের এক যুগ পূর্তির সূচনা করা হয়েছে একটি পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে। তাঁরা বলেন, শতবর্ষী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণের সুযোগ পেয়ে তারা গর্বিত ও আনন্দিত।
তারা আরও বলেন, গত ১২ বছর ধরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর শিক্ষা, মানবিক সহায়তা, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজ ও মানুষের কল্যাণে পরিবেশ সংরক্ষণসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।অনুষ্ঠানের শেষে উপস্থিত সদস্যরা রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার করেন এবং সংগঠনের ১ যুগ পূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে আরও বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তাবার্তা/ সুলতানা




