জগন্নাথপুরে স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০০ AM

এসএসসি ও সমমানে ফল বিপর্যয়

জগন্নাথপুরে স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১০:৩৭:১১ PM

জগন্নাথপুরে স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় মাদরাসা শিক্ষায় ফল বিপর্যয় বেশি হয়েছে। এ বছর উপজেলার স্কুল পর্যায়ে পাসের হার ৫৩ দশমিক ৬৮ শতাংশ হলেও মাদরাসায় পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৮২ শতাংশে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৭৪ জন। স্কুল পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, উপজেলার ১৮টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৪১৪ জন। মাদরাসা পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী।

এ ছাড়া ভোকেশনাল কারিগরি পরীক্ষায় উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭০ জন। এ পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে ফলাফলের ত্রুটিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ