ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের দিক থেকে এসব ওয়ার্ড পুরোনো ওয়ার্ডগুলোর তুলনায় পিছিয়ে থাকায় পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগুলোকে মূল নগরের সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুরোনো ওয়ার্ডগুলোর মতো সম্প্রসারিত ওয়ার্ডের বাসিন্দাদেরও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে চায় সিটি করপোরেশন। এ লক্ষ্যেই নতুন সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মুক্তিরচক এলাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সড়ক নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়েছে। এরপর সড়কে সিসি ঢালাই দেওয়া হয়। বর্তমানে এর ওপর আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। যেসব স্থানে নতুন করে মাটি ভরাট করা হয়েছে, সেসব এলাকায় সড়কের পাশে রিটেইনিং ওয়ালও নির্মাণ করা হয়েছে।
সিসিক প্রশাসক জানান, ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের আওতায় সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
নগরীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই ওয়ার্ডের যেসব সড়কের উন্নয়নকাজ এখনো বাকি রয়েছে, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে। সড়ক উন্নয়নের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে সড়কবাতি স্থাপনের কাজও করা হবে।
তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে সম্প্রসারিত ওয়ার্ডগুলোকে আধুনিক ও জনবান্ধব এলাকায় পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। উন্নয়নকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, শাহগলি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিহাব আহমদ, তরুণ সংগঠক ফরহাদ, নয়ন, ফাহিম, শাহনুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




