ছবি:সংগৃহীত
সিলেট নগরীর রায়নগরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলা’য় গিয়ে নিহত দম্পতির স্বজন ও সন্তানদের খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শোকাহত স্বজনরা।
নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আরিফুল হক চৌধুরী। তিনি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে যদি কোনো কুশীলব থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




