সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে শিশুটিকে তার বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যান মরম আলী। সেখানে শিশুটিকে ধর্ষণের সময় তার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির মা চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এরপর শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেছেন।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক গোপ মঙ্গলবার দুপুরে জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মরম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
২০ মাস বয়সী শিশুকে আদৌ ধর্ষণ সম্ভব কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুর পরিবার মামলা করেছে। মা নিজে দেখেছে বলে অভিযোগ করেছে। ধর্ষণ বা ধর্ষণচেষ্টা দুটোই তো অপরাধ। এখন তদন্ত করে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/আরআর




