আট বছর পর স্পেনে শাকিরা, মাদ্রিদে বসছে লাতিন সংস্কৃতির মহোৎসব
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ PM

আট বছর পর স্পেনে শাকিরা, মাদ্রিদে বসছে লাতিন সংস্কৃতির মহোৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ১০:৪৮:২৩ PM

আট বছর পর স্পেনে শাকিরা, মাদ্রিদে বসছে লাতিন সংস্কৃতির মহোৎসব

সংগৃহীত


দীর্ঘ আট বছর পর কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে এবার শুধু একটি-দুটি নয়, কলম্বিয়ান পপ তারকার প্রত্যাবর্তনে থাকছে ১২টি কনসার্ট! আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মাদ্রিদে এসব কনসার্টে মঞ্চ কাঁপাবেন শাকিরা। এ উপলক্ষে স্পেপেনর রাজধানী মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকায় তৈরি করা হচ্ছে ‘শাকিরা স্টেডিয়াম’।স্টেডিয়ামের নকশা করেছে বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান বিজর্কে ইঙ্গেলস গ্রুপ। স্টেডিয়াম এবং আয়োজন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিরা বলেছেন, 'ওহ আমার ঈশ্বর, এই স্টেডিয়ামটি দেখতে অসাধারণ! মাদ্রিদে ইউরোপিয়ান আবাসিক কনসার্টে আপনাদের দেখতে আমার তর সইছে না!'এটি শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ বিশ্ব সফরের অংশ। ইউরোপিয়ান আবাসিক কনসার্ট। স্পেনে আন্তর্জাতিক শিল্পীদের জন্য এ ধরনের কনসার্ট প্রথমবার হতে যাচ্ছে বলে জানিয়েছে মাদ্রিদের সরকারি পর্যটন বিভাগ। বিশাল এই সঙ্গীতযজ্ঞের আয়োজক 'লাইভ নেশন এস্পানিয়া'। শাকিরা মঞ্চে উঠবেন ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং ২, ৩, ৪, ৯, ১০ ও ১১ অক্টোবর। আয়োজক সংস্থা এই সূচি প্রকাশ করেছে।

অবশ্য উৎসব কেবল কনসার্টেই সীমাবদ্ধ থাকছে না। শাকিরাকে ঘিরে ইবেরদ্রোলা মিউজিক এলাকায় গড়ে তোলা হচ্ছে একটি সাময়িক বিনোদন ও সাংস্কৃতিক পরিসর। প্রতি রাতে গড়ে ৫০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতির আশা করছেন আয়োজকরা। ১২টি শোতে প্রায় ছয় লাখেরও বেশি দর্শকের সমাগম হতে পারে। টিকিট বিক্রি প্রায় শেষ। কার্যত টিকিট হয়ে উঠেছে সোনার হরিণ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের ন্যূনতম মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত।আয়োজনের বাড়তি আকর্ষণ ‘ম্যাকন্ডো পার্ক’। কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস ‘নিঃসঙ্গতার ১০০ বছর’-এর কাল্পনিক শহর ম্যাকন্ডো থেকে অনুপ্রাণিত হয়ে সজ্জিত করা হচ্ছে পার্কটি। যেখানে কেবল নাচ-গান নয়, শিল্প-সাহিত্য, খাবার, পোশাক এবং শিশুদের বিনোদনসহ নানা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে তুলে ধরা হবে ল্যাটিন আমেরিকান সংস্কৃতির নানা দিক। যার কেতাবি নাম ‘এস ল্যাটিনা’। এতে করে দর্শকেরা নিছক শাকিরার কনসার্ট নয় বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন।অর্থাৎ কয়েক সপ্তাহের জন্য মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকা শুধু শাকিরার গানের মঞ্চই নয়, সংগীত, লাতিন সংস্কৃতি, খাবার, শিল্প ও বিনোদনের এক বিশাল মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। বিশাল এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবেন শাকিরা—স্পেনে তার বহল প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে।

শাকিরার মাদ্রিদ প্রত্যাবর্তনের সঙ্গে জড়িয়ে আছে স্পেনের সঙ্গে তাঁর দীর্ঘ ব্যক্তিগত জীবনের গল্পও। বিশ্বকাপজয়ী স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের সময় দীর্ঘদিন বার্সেলোনায় বসবাস করেছেন শাকিরা। কলম্বিয়ান পপ তারকার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে এই স্পেনেই। দেশটি তার ঘরের মতোই। কিন্তু ২০২৩ সালে পিকে এবং শাকিরার পথ আলাদা হয়ে যায়। পরে সন্তানদের নিয়ে শাকিরা চলে যান যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। অবশেষে বহু বছর পর আবারও কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন তিনি। তবে এবার বার্সেলোনা নয়, শাকিরার গন্তব্য স্পেনের রাজধানী মাদ্রিদ।ইবেরদ্রোলা এলাকায় আগের বড় অনুষ্ঠানগুলোতে শব্দ ও যানজট নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। এবার সেটি গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করছেন আয়োজকরা। কনসার্টে বিশেষ শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যাকোস্টিক স্ক্রিন এবং দর্শকদের ধাপে ধাপে বের করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় সময়রাত ৮-১১টা পর্যন্ত কনসার্ট করার পরিকল্পনা থাকলেও দর্শকেরা রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে থাকতে পারবেন। বিশাল এই আয়োজনে প্রায় অর্ধ লাখ দর্শকের প্রতিটি রাত নির্বিঘ্নে শেষ করাটা আয়োজকদের জন্য বিরাট চ্যালেঞ্জ বটে।

জৈন্তাবার্তা/ সুলতানা