সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবারও রেসিং কারের স্টিয়ারিং হাতে দেখা যাবে হলিউড তারকা টম ক্রুজকে। ১৯৯০ সালের জনপ্রিয় রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে পুরোনো চরিত্র কোল ট্রিকল হিসেবে পর্দায় ফিরছেন তিনি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘ডেজ অব থান্ডার’ পরিচালনা করেছিলেন টনি স্কট। গল্পে কোল ট্রিকল ছিলেন এক তরুণ ও প্রতিভাবান রেসকার চালক, যিনি একজন অভিজ্ঞ সাবেক রেসিং তারকার সহযোগিতায় নাসকার দলের অংশ হন। রেসিংয়ের তীব্র প্রতিযোগিতার পাশাপাশি নিজের সক্ষমতা প্রমাণের লড়াইও ছিল সিনেমাটির গল্পের অন্যতম দিক। নতুন কিস্তিতেও সেই কোল ট্রিকল চরিত্রেই দেখা যাবে টম ক্রুজকে।সম্প্রতি অ্যান হ্যাথাওয়ের সিনেমাটিতে যুক্ত হওয়ার খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করেন ক্রুজ। ছবিটিতে রেসিং ট্র্যাকের আবহে দুজনকে একসঙ্গে দেখা যায়।নতুন সিনেমার কাহিনি সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে জানা গেছে, অ্যান হ্যাথাওয়ে এবার একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর ভূমিকায় অভিনয় করবেন। ফলে নতুন গল্পে টম ক্রুজের কোল ট্রিকলের সঙ্গে তার চরিত্রের সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গল্পের বিস্তারিত জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
নতুন ‘ডেজ অব থান্ডার’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জনাথন লেভিন। সিনেমাটির প্রযোজনার সঙ্গেও সরাসরি যুক্ত থাকছেন টম ক্রুজ।প্রযোজনায় তার সঙ্গে রয়েছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, নতুন কিস্তিতেও মোটর রেসিংয়ের উত্তেজনাই থাকবে গল্পের কেন্দ্রজুড়ে।‘মিশন: ইমপসিবল’ সিরিজের একের পর এক সিনেমায় কাজ করার কারণে দীর্ঘদিন অ্যাকশনধর্মী চরিত্রেই ব্যস্ত ছিলেন টম ক্রুজ। এবার সেই ব্যস্ততার পাশাপাশি একাধিক বড় প্রকল্পে দেখা যাচ্ছে তাকে।
‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তির পাশাপাশি আরেকটি ‘টপ গান’ সিনেমা নিয়েও কাজের খবর রয়েছে। এ ছাড়া আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় ‘ডিগার’ সিনেমার মাধ্যমে আবারও ভিন্নধারার ড্রামায় দেখা যাবে এই অভিনেতাকে।অন্যদিকে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারও এখন বেশ ব্যস্ততায় ভরা। তার অভিনীত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘দ্য অডিসি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। এর পাশাপাশি ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে টম ক্রুজের সঙ্গে তার জুটি পর্দায় কেমন রসায়ন তৈরি করে, সেটিও এখন সিনেমাপ্রেমীদের আগ্রহের অন্যতম বিষয়।
জৈন্তাবার্তা/সুলতানা




