ছবি:সংগৃহীত
- নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় মানবপাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, রেনু বেগম তার স্বামী রুবেল মিয়া ও সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার এসআই মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল মীরেরচক এলাকায় রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরে তল্লাশি চালিয়ে মানবপাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী, তিনজন শিশু ও চারজন পুরুষ রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রেনু বেগমের স্বামী রুবেল মিয়া ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে লোকজন সংগ্রহ করে মীরেরচকের ওই বাড়িতে নিয়ে আসতেন। পরে তাদের আটকে রেখে অবৈধভাবে বিদেশে পাচারের চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উদ্ধার হওয়া ৮ জনকেও একই উদ্দেশ্যে সেখানে আটকে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ৩ সেপ্টেম্বর মামলা করা হয়েছে। মামলাটি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৭/৮/১০ ধারায় রুজু করা হয়।
গ্রেপ্তার রেনু বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মানবপাচারের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




