দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ PM

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৮:১৭:০৭ PM

দু/র্নীতিমুক্ত  বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও মূল্যবোধে বলীয়ান হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দুর্নীতিবিরোধী সচেতনতা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করা প্রয়োজন। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়, সততা ও দায়িত্ববোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও সমাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেটের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেটের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেটের সভাপতি (অব.) লে. কর্নেল মুনির আহমদ কাদেরীর সভাপতিত্বে এবং স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামরুল হক জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নাজমা পারভিন।

প্রতিযোগিতায় সিলেট জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল অংশ নেয়। ফাইনালে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু বক্তব্য ও প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ