ছবি:সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিয়ানীবাজার পৌর শাখা।
নির্বাচনী কার্যক্রমে সংগঠনের অবস্থান শক্তিশালী করা এবং তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় করার লক্ষ্যে পৌর জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের নিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৭টায় স্থানীয় জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বাড়ানো, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় করতে হবে। এ লক্ষ্যে পৌরসভার বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের কাজের তদারকি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি গ্রহণ করা হয়। দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর একটি সম্মিলিত প্রশিক্ষণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কর্মকৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
সভায় পৌর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা সাইফুদ্দিন, প্রচার সম্পাদক সিপার উদ্দিন, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আবু সাইদ, শ্রমিক নেতা মুস্তাকিম আলী লাকী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ শাহরিয়ার রহমান, যুব জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি হাফিজ জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমেদ, অর্থ সম্পাদক জাফর আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




