ছবি:সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলকে নিজ বসতঘরে ঢুকে মারধর, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা অন্য আসামিরা হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহসভাপতি কয়েছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ, প্রচার সম্পাদক পারভেজ আহমদ, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, নিষিদ্ধ ছাত্রলীগের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয়, কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী এবং ওয়াজিবুল মিয়া, হেলাল, আইদিদ আহমেদ, আবু আহমেদ তালহা, নাইম আহমদ ও আব্দুল হক কুতুব।
বাদীর লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোডে নিজ বাসায় অবস্থান করছিলেন আব্দুল মজিদ বকুল। এ সময় মামলার প্রধান আসামি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে আসামিরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে অনধিকার প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আসামিরা বকুলের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। হামলার সময় তার বসতঘরের আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




