ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। পাশাপাশি বালু পরিবহনে নিয়োজিত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, ইজারাবহির্ভূত ও পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




