সংগৃহিত
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না ও ঘুমানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের কোম্পানীগঞ্জের এক প্রবাসী নিহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান মতিউর রহমান। সেখানে রিয়াদের একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি তিনি পরিবারের সদস্যদেরও জানিয়েছিলেন।
সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পর ওই বিষয় নিয়ে আবারও মতিউর রহমানের সঙ্গে রুমমেটদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর একই কক্ষে থাকা অপর তিনজন পালিয়ে যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, ‘দুই-তিন দিন আগে ঝামেলার বিষয়টি মতিউর পরিবারকে জানিয়েছিলেন। ঘটনার দিন থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই রুমে থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি।’
তিনি আরও বলেন, ‘মতিউরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
মতিউর রহমানের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সদ্য তিন মাস বয়সী সন্তানকে রেখে তার এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




