ছবি:সংগৃহীত
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং যেকোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। ব্যবসায়ী সমাজের স্বার্থ ও অধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন। তাই পারস্পরিক বিভেদ ভুলে ব্যবসায়ী সমাজের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আব্দুর রহমান রিপন আরও বলেন, বর্তমান সময়ে ব্যবসায়ীরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানোর পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আবুল হোসেন, সহসভাপতি আতিকুর রহমান আতিক, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন ও মো. সাদ মিয়া, সহসাধারণ সম্পাদক মো. আলেক মিয়া ও পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, রাজু আহমদ ও শামীম চৌধুরী, প্রচার সম্পাদক ইমরান খান ও রায়হান, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, আশফাক উদ্দিন, আব্দুর রহিম, মো. আব্দুল্লাহ, কাজী ইমরান হোসেন বাবুল, কাজী মাসুদ এবং লালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, জাহিদ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুহিবুর রহমান।
সভায় নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন। তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় ব্যবসায়ী নেতারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




