কন্যার পর এবার পুত্রসন্তান, ২২ বছর বয়সেই দুই সন্তানের মা মিলি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ AM

কন্যার পর এবার পুত্রসন্তান, ২২ বছর বয়সেই দুই সন্তানের মা মিলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৯:৫৪:২০ AM

কন্যার পর এবার পুত্রসন্তান, ২২ বছর বয়সেই দুই সন্তানের মা মিলি

সংগৃহীত


‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন ও তার স্বামী জেক বনজোভির সংসারে যোগ হয়েছে নতুন সদস্য। ২২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন ব্রিটিশ এই অভিনেত্রী। দত্তক নেওয়ার মাধ্যমে এবার একটি পুত্রসন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন এই দম্পতি।১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি শেয়ার করেন মিলি। নবজাতকের ছোট্ট হাতের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ ছবিতে অভিনেত্রীর আঙুলে ‘মম’ লেখা একটি আংটিও নজরে আসে। এর আগে ২০২৫ সালের আগস্টে একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছিলেন মিলি ও জেক। এবার ছেলেসন্তানকে ঘরে তোলার মধ্য দিয়ে তাদের পরিবারে সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক এই তারকা দম্পতি। পারিবারিক মুহূর্ত খুব বেশি প্রকাশ্যে না আনলেও বিশেষ কিছু ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তারা। নতুন সন্তানের খবর প্রকাশের পরই ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা পেতে শুরু করেন মিলি।২০২১ সালে মিলি ববি ব্রাউন ও জেক বনজোভির সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পরও নিজেদের দাম্পত্য ও পারিবারিক জীবন অনেকটাই ব্যক্তিগত রেখেছেন এই দম্পতি।

চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-এ ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন মিলি। সমাজকর্মী হওয়ার লক্ষ্যে পড়াশোনার সময় দত্তক গ্রহণের বিষয়ে বিভিন্ন তথ্য জেনেছিলেন বলে জানান তিনি। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, দত্তক নেওয়া তার ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ ছিল। অল্প বয়সেই অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান মিলি ববি ব্রাউন। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ইলেভেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি। পরে ‘এনোলা হোমস’ সিরিজসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।

জৈন্তাবার্তা/সুলতানা