পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ PM

পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৭:৪২:৪১ PM

পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান

ছবি:সংগৃহীত


সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মাস্টারপ্ল্যান বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নাইওরপুলস্থ সিউকের কার্যালয়ের সভাকক্ষে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দের সঙ্গে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করে যাচ্ছে। আবাসন প্রকল্প বাস্তবায়নে গ্রিন ইকো হাউজিং প্রজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থানসহ পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সিউকের কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঐতিহ্য সংরক্ষণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ আমাদের পথচলাকে আরও সুসংহত করবে।’

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সিউকের ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিভাগীয় প্রতিনিধি ইকরামুল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনসহ নির্বাহী কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন সময় টিভির বিশেষ প্রতিনিধি একরামুল কবির, দৈনিক যুগান্তরের সংগ্রাম সিংহ, দৈনিক ইনকিলাবের ফয়সাল আমীন, কালবেলার মিঠু দাস জয়, বাংলা টিভির কাইয়ুম উল্লাহ, ইনডিপেনডেন্ট টিভির শুভ্র দাস, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহী, এখন টিভির সমীরণ দাস, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সানী, প্রথম আলোর মানবধী সিংহ, বিডিনিউজ২৪-এর বাপ্পা ঘোষ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেবাশীষ দেব, সিলেটের মানচিত্রের সম্পাদক ফয়সল আহমদ বাবলুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ