জৈন্তা বার্তা
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বিশেষ প্রক্রিয়ায় মর্টার শেলটি ধ্বংস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙেরপাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয় কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হয়ে বিষয়টি গোয়াইনঘাট থানায় জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করে এবং আশপাশের লোকজনকে সরিয়ে নেয়। একই সঙ্গে মর্টার শেলটি পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে এটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা রোববার ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি ধ্বংস করেন।
এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি ধ্বংস করেন।’
জৈন্তা বার্তা / ওয়াদুদ




