শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোর পাশাপাশি গুণগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মুক্তাদির
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ PM

শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোর পাশাপাশি গুণগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৭:০৬:১৭ PM

শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোর পাশাপাশি গুণগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মুক্তাদির

ছবি:সংগৃহীত


শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাঠদানের মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

তিনি বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু নতুন ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিশুদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোমলমতি শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক ও নিরাপদ অবকাঠামো গুরুত্বপূর্ণ। নতুন ভবন নির্মাণের ফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সদর উপজেলার ইউএনও খোশনূর রুবাইয়াত, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এবং উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন, সহকারী শিক্ষক ফাহমিদা পারভীন, রোমানা বেগম, সুলতান আহমদ, উম্মে সালমা বেগম, শর্মিলা রায় ও ফাহিমা বেগম।

এ ছাড়া বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি আখতার ফারুক লিটন, পিটিএ কমিটির সভাপতি মুন্সী ইকবালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভবন উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করেন শফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আতাউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান জেরিন এবং গীতা পাঠ করেন পুনম শর্মা।

উল্লেখ্য, মন্ত্রীর ২২ সেপ্টেম্বরের সিলেট সফরসূচিতে জিন্দাবাজারের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের কর্মসূচি ছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: