টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: আব্দুল কাইয়ুম চৌধুরী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ PM

উন্নয়ন কাজের মান নিশ্চিতে মাঠে সিসিক প্রশাসক

টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১০:৩৮:৫৬ PM

টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে গুণগত মান যাচাই করছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে নিয়মিত বিভিন্ন ওয়ার্ক সাইট পরিদর্শন করছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মিতালী আবাসিক এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি ও ব্যবহৃত উপকরণের গুণগত মান যাচাই করেন।

পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘কাজের গুণগত মান পরীক্ষার জন্যই আমি মাঠে এসেছি। টেন্ডার ডকুমেন্টে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, সে অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করছি। উন্নয়নকাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।’

তিনি বলেন, মিতালী আবাসিক এলাকায় সড়কটি ১৪ ফুট প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি সড়কের লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে, যাতে প্রয়োজন হলে ড্রেনের ওপর দিয়েও যানবাহন চলাচল করতে পারে। সড়ক ও ড্রেন নির্মাণে ব্যবহৃত রড ও ঢালাইয়ের উপকরণ সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে।

সিসিক প্রশাসক বলেন, ‘সড়ক ও ড্রেন নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। তাদের কথা দিয়েছিলাম, বর্ষা মৌসুম শেষ হলে ব্যাপকভাবে উন্নয়নকাজ শুরু করা হবে। সে অনুযায়ী ইতোমধ্যে অনেকগুলো কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু কাজ শুরু হয়েছে। বাকি কাজগুলোও টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিয়মিত তদারকি করছেন। এর পাশাপাশি আমিও বিভিন্ন ওয়ার্ক সাইটে সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করছি। জনগণের অর্থে যে উন্নয়ন হচ্ছে, তার সুফল যাতে দীর্ঘস্থায়ী হয়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী সেলিম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ