ছবি:সংগৃহীত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত ১৭ থেকে ১৮ বছরে চেম্বারে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব সেভাবে প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট মহানগরের একটি কনভেনশন হলে মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব সেভাবে প্রতিফলিত হয়নি। বিভিন্নভাবে ‘পকেট কমিটি’র মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কমিটি গঠন করা হলে ব্যবসায়ীরা তাদের প্রকৃত নেতৃত্ব পাবেন। মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ ইতোমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে, তারা সিলেট চেম্বারের তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই।
তিনি বলেন, মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারলে জেলা চেম্বারও তা করতে সক্ষম। ব্যবসায়ীদের স্বার্থে সংগঠনগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সিলেটের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সিলেট একটি রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগরী। এখানে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ তৈরিতে কোনো বাধা থাকার কথা নয়। প্রবাসী অধ্যুষিত ও পর্যটননির্ভর এ অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এতে ব্যবসায়ীদের উৎসাহও কমে যেতে পারে। তাই মেলা আয়োজনসহ এ ধরনের কার্যক্রম একটি শৃঙ্খলার মধ্যে এনে নিয়মের আওতায় পরিচালনা করা প্রয়োজন।
আরিফুল হক চৌধুরী বলেন, মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ চাইলে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তুলে বড় ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব। ব্যবসায়ীরা সম্মিলিতভাবে শিল্পকারখানা স্থাপন কিংবা নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর খোঁজ করেন। তিনি বলেন, প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত থাকলে আরও ভালো হতো। পরে তাকে জানানো হয়, অনুষ্ঠানের আগের পর্বে প্রশাসক উপস্থিত ছিলেন। এ কারণে পরবর্তী সময়ে অনুষ্ঠানে তাকে আর পাওয়া যায়নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




