সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেছে আরও এক শিশুর। এ নিয়ে এই বিভাগে হাম ও হাম সন্দেহে মৃ'ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে। একই সময়ে হাসপাতালে হাম শনাক্ত হয়েছে আরও ১৬ জনের।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাম সন্দেহে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃ'ত্যু হয়েছে। তার নাম ফাবিহা, বয়স ৮ মাস। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা মাহমুদ আলীর মেয়ে।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃ'ত্যু হয়েছে ১৭৯ জনের। মৃতদের মধ্যে আছেন সিলেট জেলার ৭২, হবিগঞ্জের ২৬, সুনামগঞ্জের ৬৬ ও মৌলভীবাজারের ১৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃ'ত্যু হয়েছে ১০ জনের। বাকিদের মৃ'ত্যু হাম সন্দেহে।
গত ২৪ ঘন্টায় হাম শনাক্ত হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে হাম শনাক্ত হলো ১০৬৯ জনের। তাদের মধ্যে সিলেটের ৩৯৬, হবিগঞ্জের ১৫৮, মৌলভীবাজারের ১৫৮ ও সুনামগঞ্জের ৩৫৭ জন।
গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৩ জন।
জৈন্তাবার্তা/আরআর




