ছবি:সংগৃহীত
সৌর ও বায়ুশক্তিতে পরিচালিত স্মার্ট শহর, বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগের সতর্কযন্ত্রসহ নানা উদ্ভাবনী প্রকল্প নিয়ে সিলেটের স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা-২০২৬’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ২৪টি দলে অংশ নেয়। এর মধ্যে আটটি দল বিজয়ী নির্বাচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রকল্পগুলোর কার্যপদ্ধতি ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথি প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরীর উপস্থিতি ও শিক্ষার্থীদের প্রকল্পের প্রতি তাঁর আগ্রহ মেলার আয়োজনে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। ক্ষুদে উদ্ভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাঁদের তৈরি প্রকল্প সম্পর্কে জানতে চাওয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিদ্যালয়ের পক্ষ থেকে এমন আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে প্রথম শ্রেণির রবিন ও ময়না শাখার শিক্ষার্থীরা ‘ভাসমান ডিমের পরীক্ষা’ উপস্থাপন করে। দ্বিতীয় শ্রেণির পিজন শাখার দল প্রদর্শন করে পানিচক্র, রং পরিবর্তন ও মোমবাতির পরীক্ষা।
তৃতীয় শ্রেণির পদ্মা শাখার বিজয়ী দল পানিচক্র, ওয়াটার ডিসপেনসার ও স্বয়ংক্রিয় সেচব্যবস্থা প্রদর্শন করে। চতুর্থ শ্রেণির মধুমতী শাখার দল উপস্থাপন করে ওয়াটার হুইল ও উইন্ডমিল। পঞ্চম শ্রেণির ধানসিঁড়ি শাখার শিক্ষার্থীরা নবায়নযোগ্য শক্তিতে পরিচালিত স্মার্ট শহরের মডেল প্রদর্শন করে।
ষষ্ঠ শ্রেণির ছাত্র শাখা ‘বি’-এর গ্রুপ-১ প্রাকৃতিক দুর্যোগের সতর্কযন্ত্র তৈরি করে বিজয়ী হয়। সপ্তম শ্রেণির বিজয়ী দল বৃষ্টির পানি সংরক্ষণ, তড়িৎ বিশ্লেষণ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করে।
অষ্টম শ্রেণির বিজয়ী দল প্রদর্শন করে ঘুম প্রতিরোধী সতর্কযন্ত্র, চন্দ্রগ্রহণ, এয়ার কুলার ও পানি থেকে শক্তি উৎপাদনের প্রকল্প।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন একাডেমিক কো-অর্ডিনেটর সুমিত্রা মজুমদার। শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীদের সম্মিলিত সহযোগিতায় মেলাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা বলেন, হাতে-কলমে বিজ্ঞান শেখার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, উদ্ভাবনী চিন্তা, দলগত কাজ ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




