তানজিদের ঝোড়ো ইনিংসের পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

৩১৭ রানে ৮ উইকেট

তানজিদের ঝোড়ো ইনিংসের পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ১০:১৪:১০ অপরাহ্ন

তানজিদের ঝোড়ো ইনিংসের পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস

সংগৃহিত


দিনের শুরুতে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের শেষ দিকে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয়ে সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। আফগানিস্তানের তুলনামূলক কম গতির বোলারদের সামনেও একের পর এক উইকেট হারিয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭ রান।

ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার তানজিদ হাসান। অন্য প্রান্তে সাদমান ইসলাম কিছুটা ধীরগতিতে খেললেও তানজিদের ব্যাটে আসে একের পর এক বাউন্ডারি। মাত্র ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তাঁর সামনে হাতছানি ছিল আরও বড় ইনিংসের।

বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়ার সুযোগও তৈরি হয়েছিল তানজিদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করে আউট হন তিনি। ইসমত আলীর বলে উইকেটের পেছনে ইকরাম আলীখিলের হাতে ক্যাচ দেন এই ওপেনার। তাঁর বিদায়ে ভাঙে ১২৪ রানের উদ্বোধনী জুটি।

এরপর অর্ধশতক তুলে নেন সাদমান ইসলাম। তিনি ৬৭ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। তাঁর বিদায় পর্যন্ত বাংলাদেশের ইনিংস ভালোভাবেই এগোচ্ছিল।

কিন্তু দ্বিতীয় সেশনের শেষ দিকে হঠাৎই ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে। ইয়ামিন আহমেদজাইয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। পরের ওভারেই ইয়র্কারধর্মী বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ৭ বল খেলে কোনো রান করতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এরপর কায়েস আহমেদের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক নাজমুল হোসেন। মাত্র কয়েক ওভারের ব্যবধানে ২ উইকেটে ২২১ রান থেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২২৫ রান।

এই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে আসে ৬২ রান। তবে ইসমত আলীর বলে বোল্ড হয়ে ৩৯ রান করে ফিরে যান মিরাজ।

এরপর লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। অর্ধশতক পূর্ণ করার পর বড় শট খেলতে গিয়ে মোহাম্মদ সেলিমের বলে ক্যাচ দেন তিনি। ইয়ামিন আহমেদজাইয়ের হাতে ধরা পড়ার আগে লিটনের ব্যাট থেকে আসে ৫৩ রান।

তিন ইনিংস পর রানের দেখা পাওয়া লিটন অর্ধশতক পূর্ণ করে ব্যাট উঁচিয়ে উদ্‌যাপনও করেন। তবে ইনিংসটি বড় করতে পারেননি তিনি।

লিটনের বিদায়ের পর বাংলাদেশের সংগ্রহ তিন শ পার হলেও দ্রুত আরও উইকেট হারানোর শঙ্কা দেখা দেয়। হাসান মাহমুদও আউট হয়ে যান। দিন শেষে নাঈম হাসান ১১ রান এবং তাইজুল ইসলাম ৪ রান নিয়ে অপরাজিত আছেন।

প্রথম দিনের শুরুতে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করলেও শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন নাঈম ও তাইজুলের ব্যাটে দল কত দূর এগোতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ