ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ আহমদ বড়লেখা উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর এলাকায় তাঁর একটি টেইলার্সের দোকান ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন তাঁর কাছে ৯০ টাকা পাওনা ছিলেন। এ টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৮টার দিকে জানান, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




