ছবি:সংগৃহীত
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪৫টি ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মহানগরীর মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীরামপুর বাইপাস পয়েন্ট সংলগ্ন সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ কিন্ডারগার্টেন স্কুলের বিপরীত পাশের পাকা সড়কে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-অ-১১-৪৫২০ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৫টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আছকির মিয়া (৩৫) ও হেলপার মো. আরিফ হোসেনকে (২৫) আটক করা হয়। তাদের দুজনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাভীগাঁও গ্রামে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ৪ নভেম্বর মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ০২। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




