সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটোসহ দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত টমেটো ও দুটি পিকআপের আনুমানিক মোট মূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত অস্থায়ী পুলিশ চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুটি ডিআই পিকআপ গাড়ি তল্লাশি করে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পাশাপাশি টমেটো বহনকারী দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (১৯), চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আমিন আহমদ (১৯), ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে আবু তাহের মাহিন (১৭) এবং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সাইদুল ইসলাম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত টমেটো কাঁচামাল হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে।
জৈন্তাবার্তা/আরআর




