ছবি:সংগৃহীত
বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন গোলাম রাব্বি। এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছেন তিনি। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
গোলাম রাব্বি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ এর খাগাইল গ্রামের সন্তান। সে আছিররগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুল, বিয়ানীবাজারের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এবং সিলেটের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে সিলেটের পার্কভিউ হাসপাতাল অ্যান্ড কলেজ থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
রাব্বির বাবা আব্দুস সালাম আসিরগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি বর্তমানে লন্ডনপ্রবাসী। ছেলেকে চিকিৎসক হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণের আশায় দীর্ঘদিন প্রবাসে থাকলেও পরিবারকে লন্ডনে নিয়ে যাননি। দেশে রেখে ছেলের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিয়েছেন। অন্যদিকে, মায়ের ত্যাগ, পরিশ্রম ও অনুপ্রেরণাও রাব্বির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাবার প্রবাসজীবনের পরিশ্রম এবং মায়ের কষ্টের কথা মনে রেখে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছেন রাব্বি। তাঁর ভাষ্য, এই অর্জনের পেছনে মা-বাবার পাশাপাশি পার্কভিউ হাসপাতাল অ্যান্ড কলেজের শিক্ষকদের অবদান রয়েছে। এ ছাড়া চাচা, চাচাতো ভাই ও মামাসহ আত্মীয়স্বজন সবাই তাঁকে নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন।
গোলাম রাব্বি চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারেন-এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




