প্রতীকী ছবি
বাল্যবিবাহের হারে দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিলেট। জেলাটিতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হয়েছে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মাত্র ১২ দশমিক ৮ শতাংশের। অন্যদিকে, মোট প্রজনন হারে (টিএফআর) সিলেটে নারীদের গড়ে সন্তান জন্মদানের হার ২ দশমিক ৪০। জাতীয় পর্যায়েও এ হার একই।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, বাল্যবিবাহের হারে দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে সিলেটের অবস্থান সবচেয়ে ভালো। জেলাটিতে এ হার ১২ দশমিক ৮ শতাংশ। সিলেট বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বাল্যবিবাহের হার ২৪ দশমিক ৪ শতাংশ এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে, দেশের মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯ শতাংশ), ভোলা (৬৫ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১ শতাংশ) ও কুষ্টিয়া (৬২ দশমিক ৯ শতাংশ)।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। সিলেটেও এ হার ২ দশমিক ৪০। অর্থাৎ সন্তান জন্মদানের গড় হারে সিলেট জাতীয় পর্যায়ের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সবচেয়ে বেশি ২ দশমিক ৬০। এরপর চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০। খুলনা বিভাগে এ হার সবচেয়ে কম, ২ দশমিক ০০।
জেলাভিত্তিক হিসাবে প্রজনন হার সবচেয়ে বেশি বরিশালের ভোলায়, ৩ দশমিক ৫০। এরপর মাদারীপুরে ৩ দশমিক ৩০ এবং নোয়াখালীতে ৩ দশমিক ০০। অন্যদিকে সবচেয়ে কম প্রজনন হার বাগেরহাটে, ১ দশমিক ৫০।
বিবিএস ও ইউনিসেফের এ জরিপে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তথ্যের ভিত্তিতে প্রজনন হারের হিসাব নির্ধারণ করা হয়।
জৈন্তাবার্তা/আরআর




