ছবি:সংগৃহীত
দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল কৃষি উদ্যোক্তা ও খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন সিলেটের কৃতী সন্তান আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর লাখাউরায় প্রতিষ্ঠিত তাঁর ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশু নিয়ে গড়ে ওঠা এ খামার আরিফুল হক চৌধুরীর কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ততার পরিচয় বহন করছে।
খামার পরিচালনায় সাফল্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান এবং উদ্যোক্তা হিসেবে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের খামার পরিচালনার অভিজ্ঞতা ও উদ্যোগ বিশেষ স্বীকৃতি পেল।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশের খামারিদের সমস্যা ও সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি খামারিদের উৎপাদন ব্যয়, নানা প্রতিবন্ধকতা ও বাস্তব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে তাঁদের জন্য সরকারি প্রণোদনা এবং সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে নিজের বিনিয়োগ ও উদ্যোগ অব্যাহত রেখে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন তাঁর কর্মজীবনে এক ব্যতিক্রমী সংযোজন। বিশেষ করে সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে সেরা হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের মধ্যেও নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে একজন খামারি ও কৃষি উদ্যোক্তা হিসেবে অর্জিত এ স্বীকৃতি আরিফুল হক চৌধুরীর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হয়ে থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




