সিলেটে ২৫ লাখ গাছ রোপণ করবে সিউক: কয়েস লোদী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বৃক্ষরোপণে গুরুত্বারোপ

সিলেটে ২৫ লাখ গাছ রোপণ করবে সিউক: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৯:৪৯:৪৭ অপরাহ্ন

সিলেটে ২৫ লাখ গাছ রোপণ করবে সিউক:  কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেট নগর ও আশপাশের এলাকায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর সবুজায়ন নিশ্চিত করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরের হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সামাজিক কর্মসূচির আওতায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

সিউক চেয়ারম্যান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নও সমান গুরুত্বপূর্ণ। বৃক্ষ পরিবেশের প্রাণ। তাই নগর উন্নয়ন পরিকল্পনায় সবুজায়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরের উন্মুক্ত স্থান ও সড়কের পাশে উপযুক্ত জায়গায় গাছ লাগানো হলে নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ২৫ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, হাজী আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, ডা. মুজীবুর রহমান, আশরাফ গাজী, আ. সামাদ চৌধুরী তনু, রুহুল কুদ্দুস চৌধুরী মাসুম, আবিদ আহমদ রফি, আদনান আহমদ ও নাইমুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২