ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা চত্বরের ‘ইত্যাদি স্টোর’-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী সায়ফুর রহমান।
শুক্রবার দুপুরে বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সায়ফুর রহমান দাবি করেন, শিতল বাবু নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ভূমি দখল, চাঁদা দাবি করাসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সায়ফুর রহমানের সঙ্গে সুমন পালের আর্থিক লেনদেনের বিষয়ে অবগত ব্যবসায়ী এবাদুর রহমান, উজ্জ্বল আহমদ, কবির আহমদ, তারেক আহমদ ও জাফর আহমদসহ অন্যরা।
লিখিত বক্তব্যে সায়ফুর রহমান বলেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের ‘পাল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী সুমন পাল ব্যবসা সম্প্রসারণের কথা বলে বড়লেখা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নেন। তাঁর অনুরোধে তিনিও চুক্তিপত্রের মাধ্যমে সুমন পালের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান।
একপর্যায়ে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য সুমন পাল তাঁর ক্রয়কৃত বড়লেখার কাঠালতলী মৌজার সাড়ে ৫৫ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। পরে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি স্থাপনাসহ জমিটির মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে বায়নাপত্র সম্পাদন করা হয়। এর বিপরীতে তিনি ১৬ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং সুমন পাল তাঁকে জমির দখল বুঝিয়ে দেন। বায়নাপত্রের শর্ত অনুযায়ী, ছয় মাসের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধের মাধ্যমে জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু ৩১ মার্চ সুমন পাল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান।
সায়ফুর রহমান আরও বলেন, সুমন পালের আত্মগোপনের খবর ছড়িয়ে পড়লে তাঁর ব্যবসায়িক পাওনাদার ও বিনিয়োগকারীরা সেখানে ভিড় করেন। এ ঘটনায় ৩০ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘বড়লেখায় কোটি টাকা নিয়ে উধাও ডিলার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিতল বাবুর বক্তব্যও প্রকাশিত হয়। সেখানে তিনি সুমন পালের সঙ্গে প্রায় দুই বছর ধরে ব্যবসায়িক লেনদেনের কথা উল্লেখ করে জানান, তাঁর কাছ থেকে নেওয়া প্রায় ১২ লাখ টাকা ২৭ মার্চ পরিশোধের কথা ছিল। কিন্তু ওই তারিখ থেকে সুমন পালকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সায়ফুর রহমানের অভিযোগ, বায়নামূলে কেনা জমির পরিচর্যা করার সময় একদিন রীনা রানী ধর, শিতল বাবু ও চয়ন ধর তাঁকে জমি থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেন। এ সময় তাঁরা দাবি করেন, রীনা রানী ধর সুমন পালের কাছ থেকে ওই জমি কিনেছেন।
এ প্রসঙ্গে সায়ফুর রহমান প্রশ্ন তুলে বলেন, শিতল বাবু নিজেই যখন সংবাদমাধ্যমে সুমন পালের কাছ থেকে টাকা পাওনা এবং তাঁকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন, তখন সুমন পাল আত্মগোপনে থাকা অবস্থায় কীভাবে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে রীনা রানী ধরের নামে ওই জমি দলিল করে দিলেন? বিষয়টি তাঁর কাছে রহস্যজনক বলে দাবি করেন তিনি।
তিনি জানান, বায়নাকৃত জমির দখল নিতে ব্যর্থ হয়ে রীনা রানী ধর বড়লেখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলা নম্বর ৫০/২০২৩ (বড়)। ওই মামলায় শিতল বাবুসহ অন্যরা সাক্ষী ছিলেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর রীনা রানী ধরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা (নং-৪০১/২০২৩) দায়ের করেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানান সায়ফুর রহমান।
সংবাদ সম্মেলনে উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, জমি নিয়ে মামলা বিচারাধীন থাকা এবং জমিটি তাঁর দখলে থাকা সত্ত্বেও বিতর্কিত দলিলের ভিত্তিতে কীভাবে বারবার জমির নিবন্ধন ও নামজারি সম্পন্ন হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সায়ফুর রহমান আরও বলেন, সম্প্রতি শিতল বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিতল বাবুর বিরুদ্ধে মানিলন্ডারিংসহ ১৩টি মামলায় আসামি থাকার বিষয়েও অভিযোগ করেন সায়ফুর রহমান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র বা আদালতের বক্তব্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




