ছবি:সংগৃহীত
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেছেন, বর্তমান সময়ে মোবাইল ফোনের আসক্তি, মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুস্থ দেহ ও সতেজ মন নিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বইটিকর বাজারের হাজিপুর নয়া পাড়া এলাকায় ‘সিক্সার্স পাওয়ার প্লে’ (SIXER'S POWER PLAY) ইনডোর ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকায় আধুনিক ইনডোর ফুটবল মাঠ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।
এম এ হান্নানের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহানুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম সিরাজ ও ছালিকা আহমদ চৌধুরী, জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, জিন্নুর আহমদ, শিপন আহমদ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বিএনপি নেতা দেলোয়ার হোসেন দারার আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




