বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ও গতকাল বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি কর্তৃক পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।
এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুইজনকে আটক করে। আটক ব্যক্তিদের পরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সবগুলো অভিযানে মোট জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্য ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




