ছবি:সংগৃহীত
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ আগামী ১ নভেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন। পরিষদের উদ্যোগে রাত সাড়ে ৮টায় নগরীর দরগাগেইটস্থ এক অভিজাত হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চেম্বার নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ।
তিনি বলেন, চেম্বার অকার্যকর থাকায় সিলেটের অর্থনীতির চাকা বন্ধ হয়ে আছে। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তত এ অঞ্চলের অর্থনীতি গতি পাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা গত ২৬ অক্টোবর এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করে পুনঃতফসিলের পর নতুন তারিখ নির্ধারণের কথা বলা হয়েছিল।
প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়। নেতৃবৃন্দ তখন জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এদিকে, এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্ট বিভাগ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দিয়েছেন। ফলে নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলে পূর্ব নির্ধারিত ১ নভেম্বরেই নির্বাচন করা সম্ভব। বিষয়টি এখন জেলা প্রশাসকের উপর নির্ভর করছে। এ অবস্থায় ১ নভেম্বরই নির্বাচন চান সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।
উল্লেখ্য, নির্বাচনে দুটি প্যানেল- সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম- থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিডিউল অনুযায়ী আগামী ১ নভেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
Jainta Barta/Wadud




