ছবি:সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গোটা বাংলাদেশ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনী উৎসবে অংশ নিতে জনগণ প্রস্তুত। কিন্তু ঠিক এই সময় পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে কতিপয় গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে পুনরায় ক্ষমতায় এনে দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।
তিনি বলেন, ‘দেশপ্রেমিক জনতা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবেই-ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াবড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
ফয়সল চৌধুরী আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মতামত, প্রস্তাব, নোট অব ডিসেন্ট-সবকিছুই উপেক্ষা করেছে ঐকমত্য কমিশন। বিএনপিকে পাশ কাটিয়ে তারা একতরফা সুপারিশ করেছে। ফলে ঐকমত্য কমিশন এখন হয়ে গেছে ‘অনৈক্য কমিশন’। ২৫টি রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, কমিশনের সুপারিশ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’
তিনি বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের প্রতি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন দুবাগ ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিয়াজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম ও উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম রাজেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, জামাল মেম্বার, আলমাছ উদ্দিন দুদু মেম্বার, হোসেন আহমদ মেম্বার, আব্দুল গফুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, ইউনিয়ন জাসাসের সভাপতি তারেক আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুবদল নেতা সুলতান আহমেদ, তারেকুর রহমান, ছাত্রদল সভাপতি পারভেজ, কলেজ ছাত্রদল সভাপতি নাজিম আল হাবিব, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।
সভায় দুবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Jainta Barta/Wadud




