শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে প্রত্যাহারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। যমুনা স্টার সেভ গার্ড সার্ভিস লিমিটেডের অধীনে কর্মরত নিরাপত্তাকর্মীরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে প্রশাসনিক ভবন-১ এর সামনে প্রতিবাদ সমাবেশ করে এ অভিযোগ তোলেন।
সমাবেশে তারা বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল “পক্ষপাতমূলক বিচারাদেশ মানি না, মানব না”, “বহিষ্কারাদেশ প্রত্যাহার কর”, “অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই”, “আমাদের ভাইদের পেটে লাথি মারা বন্ধ কর” ইত্যাদি প্রতিবাদী বার্তা।
নিরাপত্তাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছে যে তাদের সহকর্মী জায়েদ ও শাকিল ছাত্রলীগ নেতাদের সঙ্গে অসাধু নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। কিন্তু এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে কাজের মধ্যে কখনোই জায়েদ ও শাকিলের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক দেখা যায়নি, বরং তারা পূর্বে সুপারভাইজার হাবিব ও সাইফুলের দ্বারা নানা হয়রানির শিকার হয়েছেন।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলকভাবে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন। একই সঙ্গে শিক্ষার্থীদেরও তাদের ন্যায়সংগত দাবির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় যমুনা স্টার লিমিটেডের সুপারভাইজার মো. জায়েদ ও নিরাপত্তাকর্মী মো. শাকিলকে চাকরি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জৈন্তা বার্তা/আরআর




