ছবি:সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘শহীদ জিলু আমাদের অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগ বিএনপি পরিবার তথা সিলেটবাসী কখনও ভুলবে না।’
তিনি বলেন, ২০২৩ সালের ৩১ অক্টোবর দক্ষিণ সুরমার লালাবাজারে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে শহীদ জিলু আহমদ দিলুকে ফ্যাসিস্ট সরকারের পুলিশ পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করেছিল। এখনো এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ‘ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে জিলু হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে,’ যোগ করেন তিনি।
ফয়সল চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সিলেটের প্রথম শহীদ হিসেবে জিলু আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন। ‘জিলুদের আত্মত্যাগের কারণেই আজ আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি,’ তিনি মন্তব্য করেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দড়া ও মদনগৌরি গ্রামবাসীর উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলহাজ মো. আব্দুল আহাদের সহযোগিতায় শহীদ জিলু আহমদ দিলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতকে ইঙ্গিত করে ফয়সল চৌধুরী বলেন, ‘গোলাপগঞ্জের মানুষ সংগ্রামী ও বিপ্লবী। তাদের মিথ্যা উন্নয়নের গল্প শুনিয়ে আর বিভ্রান্ত করা যাবে না। দেশে অনেক ইসলামী দল আছে, যারা জামায়াতকে সমর্থন করে না। তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল পথে নিতে চায়-সুতরাং সবাইকে সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ সেলু। সভাপতিত্ব করেন আলহাজ মো. সিরাজুল ইসলাম এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ ও যুবদল নেতা কাশেম মুন্না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শায়েস্তা, ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা।
দোয়া পরিচালনা করেন পূর্ব মদনগৌরি জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্বাস উদ্দিন।
Jainta Barta/Wadud




