সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে জালালাবাদ থানাধীন আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরকিশা বন্ধে প্রশাসনের তৎপরতাকে চ্যালেঞ্জ করে শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন শুরু করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ দলের কর্মীরা। ইতোমধ্যে তারা রিকশা চলাচলের দাবি জানিয়ে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এসব ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একাধিক মামলা দায়ের করে পুলিশ। এ সকল মামলার অন্যতম আসামি করা হয় আনোয়ার হোসেন সুমনকে।
শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে তাকে কোতোয়ালি থানার পুলিশ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুমনকে আদালতে পাঠাবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে তাকে আদালতে পাঠাবো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে।
তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার জন্য পুলিশসহ প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অভিযানও চলছে। সেই সাথে প্রতিদিনই আটক করা হচ্ছে অটোরকিশা। ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রশাসনের আল্টিমেটামের পর গ্রেপ্তারকৃত সুমন শ্রমিকদেরকে নিয়ে নগরীতে বিশৃঙ্খলার পাশাপাশি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেন। এমনকি প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার মুখ্য ভূমিকা ছিল।
জৈন্তা বার্তা/আরআর




